দক্ষিণ পূর্ব

সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই : আদালত

দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬
পঠিত :
সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই : আদালত

সরওয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে অংশ নিতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমিনের দায়ের করা আপিল নিয়মিতভাবে শুনানির জন্য গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন আদালত। 

 

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আহসানুল করিম। অপরদিকে নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। 

 

মামলার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। তবে জামায়াত প্রার্থী নুরুল আমিনের আবেদনের পর আপিল বিভাগ সরোয়ারকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। 

 

এরপর হাইকোর্টে রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়। ওই রায়ের পর নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

 

হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন। তাঁর আবেদনে দাবি করা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা হোক। দুই দিনের শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আপিল বিভাগ। 

 

বুধবারের আদেশে আপিল বিভাগ জানিয়ে দেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদানে কোনো বাধা নেই। একই সঙ্গে নুরুল আমিনের আপিল নিয়মিত শুনানির জন্য গ্রহণ করা হবে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে।

 


 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।