দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় বন্ধুদের মারধরে তরুণের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৯ দুপুর
পঠিত : ২৪
সাতকানিয়ায় বন্ধুদের মারধরে তরুণের মৃত্যু

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বন্ধুদের মারধরে মো. রিয়াজ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মারধরের শিকার হওয়ার পর শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াজের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

নিহত রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষিতা মোল্লাপাড়ার বাসিন্দা। তাঁর বাবা নাজিম উদ্দিন পেশায় অটোরিকশাচালক।

মামলার এজাহার, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রিয়াজ তাঁর এক বন্ধুর কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে নেন। এর জের ধরে গত বৃহস্পতিবার সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেটে তাঁকে ডেকে পাঠান ফরহাদ। সেখানে রিয়াজের কাছে থাকা মোবাইল ফোনটি ফেরত চান তিনি।

এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শাহাদাত, জায়েদ, আব্বাস, অনিক ও ফরহাদ গাছের ডাল দিয়ে রিয়াজকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। মারধর থেকে বাঁচতে রিয়াজ স্থানীয় পল্লিচিকিৎসক রতন আচার্যের ফার্মেসিতে আশ্রয় নেন। তবে সেখানেও তাঁকে মারধর করা হয়। পরে হামলাকারীরা তাঁকে নাছিরের দোকানের সামনে ফেলে চলে যান।

স্থানীয় লোকজন রিয়াজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শয্যা না পাওয়ায় তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবারের আর্থিক সংকটের কারণে শুক্রবার বিকেলে রিয়াজকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় রিয়াজের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।