সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা "মুক্তি কক্সবাজার"। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে এই সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান।
সংস্থার এরিয়া ম্যানেজার মাসুদ পারভেজের সঞ্চালনায় ও সংস্থার পরিচালক সবুজ দে সরকারের সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, কেওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াবুল হক, মুক্তি কক্সবাজারের সাতকানিয়া শাখার ব্যবস্থাপক সুমন কান্তি দে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন মানবিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। যেকোন দূর্যোগে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা যদি এগিয়ে আসে তাহলে মানুষের দূর্ভোগ সহজে কমে যায়। সাম্প্রতিক বন্যায় সৃষ্ট দুর্যোগে এ পর্যন্ত অনেক সংস্থা সাতকানিয়াবাসির পাশে দাড়িয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি।
এসময় সংস্থার কর্মকর্তারা ভবিষ্যতের যেকোন দূর্যোগে সাতকানিয়াবাসির পাশে থাকার আশা প্রকাশ করে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ সহায়তার অর্থ তুলে দেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।