চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার জেরে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক কথিত মাদক কারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত সেলিম উপজেলার চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট এলাকার সৈয়দের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার পর নিহত সেলিমের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করে। তিনি সৈয়দ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সেলিমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, তিনি চরতী ইউনিয়নের খতিরহাট বাংলা বাজার এলাকার পদ্মা পুকুর পাড়ে একটি ভাড়া বাসায় অবস্থান করে প্রকাশ্যে ইয়াবা বিক্রি ও সেবন করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।
সূত্র আরও জানায়, ঈদুল আজহার নামাজে যাওয়ার পথে নুরু নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সরওয়ার নামে আরেক যুবককে মারধর করে আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর সেলিম ও তার সহযোগীরা পুনরায় ভাড়া বাসায় ফিরে গেলে কয়েকশ মানুষ সেখানে গিয়ে তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ আহত অবস্থায় সেলিম, মামুন ও সৈয়দ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।
শুক্রবার (২৯ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি দেখা যায়। স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এলাকায় মাদক কারবার ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এ ঘটনার পেছনে সেই ক্ষোভ কাজ করেছে বলে তাদের ধারণা।
অন্যদিকে, সেলিমের বাবা মামলার এজাহারে দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “চোর সন্দেহে সেলিম নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “সেলিমের বিরুদ্ধে থানায় একটি মারামারির মামলা পাওয়া গেছে। মাদকসংক্রান্ত অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।