দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় সালিশি বৈঠককে ঘিরে সংঘর্ষ, ১৩ জনের বিরুদ্ধে মামলা

RAFIQ HYDER
প্রকাশ : ১২ জুন ২০২৫
পঠিত :
সাতকানিয়ায় সালিশি বৈঠককে ঘিরে সংঘর্ষ, ১৩ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যক্তিকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় সালিশি বৈঠককে কেন্দ্র করে হামলা ও গোলাগুলির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়কুল নয়াপাড়া গ্রামের সমাজপতি মো. ইদ্রিছ (৬০) বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখপূর্বক ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- মো. মহিউদ্দিন (২৬), আনোয়ার মোহাম্মদ শহীদ (২৭), মো. মনির (২৪), জামাল হোসেন (৪৬), ছৈয়দ আমিন (৪০), মো. মোস্তাফিজ (৩২), মো. সালমান (৩০), মো. বেলাল (২৫), মো. হেলাল (২০), আবদুল মন্নান (২৪), মো. সিফাত (২০), মো. আরাফাত (২১) ও মো. আজিজ (১৯)। তারা প্রত্যেকে ছদাহা ইউনিয়নের বাসিন্দা। আসামিদের মধ্যে কয়েকজন বিএনপি-জামায়াতের কর্মী দাবি করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন বলে জানান স্থানীয়রা।

এর আগে গত শুক্রবার (৬ জুন) পাহাড়কুল নয়াপাড়ার বাসিন্দা রবিউল আউয়ালের বসতঘরের টিনে ঢিল নিক্ষেপ করাকে কেন্দ্র করে তার সাথে অভিযুক্ত রেজাউল করিম, মো. আরাফাত ও মো. আয়াতের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা রবিউল আউয়ালকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে তিনি বিষয়টি ওই এলাকার সমাজপতি মো. ইদ্রিছকে জানানোর পাশাপাশি সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য সমাজপতি মো. ইদ্রিছ উভয়পক্ষকে নিয়ে রবিবার (৮ জুন) একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। পরে এক পক্ষ উপস্থিত না হওয়ায় সালিশি বৈঠকটি একদিন পিছিয়ে অর্থাৎ সোমবার (৯ জুন) করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত গ্রহণের এক পর্যায়ে সোমবারের সালিশি বৈঠকটি বন্ধ করার জন্য অভিযুক্তরা দলবল নিয়ে (৮ জুন) দুপুরে সমাজপতি মো. ইদ্রিছের উপর অতর্কিত হামলা চালায়। পরে খবর পেয়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে অভিযুক্তরা ফাঁকা গুলিবর্ষণ করে পুনরায় এলাকাবাসীর উপর হামলা চালায়।

ঘটনার দিন আসামিদের হামলায় সমাজপতি মো. ইদ্রিছ (৬০), মুরাদ হোসেন (২৭), মো. শেফায়েত (২৭), মো. জুনায়েদ (২৫), মো. ছাবের হোসেন (২৮), মো. শফিক (২০), মাহমুদুল হক (৫০) ও জোবেদা খাতুন (৪৫) আহত হন। পরবর্তীতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, সালিশি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ওই এলাকার সমাজপতি মো. ইদ্রিছ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

/রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।