দক্ষিণপূর্ব ডেস্ক
সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে এ টিকাদান কর্মসূচি চলবে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচির সাফল্য ও শক্তিশালীকরণ’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের কারণে টাইফয়েড সংক্রমণ ঘটে এবং ২০২১ সালে এ রোগে দেশে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়, যার মধ্যে ৬ হাজারই ছিল ১৫ বছরের নিচে।
ইপিআই অ্যান্ড সারভিলেন্সের উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সভায় কর্মসূচির অগ্রগতি উপস্থাপন করেন।
বক্তারা জানান, সরকার ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ এর আওতায় দেশের মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বাইরে থাকা প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দপিকা শর্মা।
সূত্র: বাসস
এসএস
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।