দক্ষিণ পূর্ব

সারোয়ার বাবলা হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার ৬

মনির ফয়সাল
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫
পঠিত :
সারোয়ার বাবলা হত্যাকাণ্ডের মূল হোতাসহ গ্রেপ্তার ৬

 নিজস্ব প্রতিবেদক

নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় সরোয়ার হোসেন বাবলাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক ইদ্রিসকে হত্যাচেষ্টা এবং রাউজান থানা এলাকায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের মূলহোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার অভিযানের বিস্তারিত জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানান, বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ এলাকায় সন্ত্রাসীরা প্রবেশ করে প্রকাশ্যে গুলি চালায়। এতে সরওয়ার হোসেন বাবলা নিহত এবং এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। অন্যদিকে, একই রাতে রাউজান উপজেলার কোয়েপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মো. ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধ হন। ৬ নভেম্বর বিকেলে একই থানার চালিতাতলী এলাকায় প্রতিবন্ধী অটোরিকশাচালক মো. ইদ্রিসকে গুলি করে জখম করে দুর্বৃত্তরা। এসব ঘটনার মূলহোতা হিসেবে সন্দেহভাজন ইশতিয়াক চৌধুরী অভি ও তার সহযোগী জ্যাকি, জনি, রাজ এবং হেলালসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব–৭ এর অধিনায়ক জানান, শুক্রবার (৭ নভেম্বর) সকালে চান্দগাঁও থানার হাজিরপুল এলাকা থেকে সরওয়ার হোসেন বাবলা হত্যা মামলার দুই আসামি মো. আলাউদ্দিন ও মো. হেলালকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ আবাসিক এলাকা থেকে প্রতিবন্ধী রিকশাচালক ইদ্রিসের ওপর গুলিবর্ষণের ঘটনায় মো. আরমান আলী রাজকে গ্রেপ্তার করে র‌্যাব। একই রাত ১টা ৪০ মিনিটে চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাউজান গুলিবর্ষণ ও সংঘর্ষের মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভি, তার সহযোগী জনি ও মাহমুদুল হক জ্যাকিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বায়েজিদের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপর প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে প্রচার কালে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।