আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতারা।
সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনারের কার্যালয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস।
এ সময় প্রতিনিধি দলে ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।
সাক্ষাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে ঘিরে সার্বিক পরিস্থিতি, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জামায়াত নেতারা সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি সম্পন্ন করতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করা হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।