চট্টগ্রাম-এর সীতাকুণ্ড এলাকায় নিরাপত্তাকর্মী ছালাউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মো. হৃদয় (২৬)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। হৃদয় উপজেলার মান্দারীটোলা এলাকার হারুনের ছেলে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, নিহত ছালাউদ্দিন সীতাকুণ্ড থানার দক্ষিণ মামহমুদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। তার স্ত্রীর বরাতে জানা যায়, তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ জানুয়ারি ড্রেজারের তেল চুরি নিয়ে রিফাত নামের এক যুবক ও তার সহযোগীদের সঙ্গে ছালাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ড্রেজারে থাকা তেল ব্যবসায়ী মো. আশরাফ হোসেন কাজল এবং ছালাউদ্দিনকে মারধর ও কুপিয়ে আহত করা হয়।
পরে ৩ ফেব্রুয়ারি থেকে ছালাউদ্দিনের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা জানতে পারেন, কোয়ানিয়া খালে কাদায় অর্ধেক পুঁতে রাখা একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে তারা ছালাউদ্দিনের মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাতজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।