বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)। তাঁরা সম্পর্কে মা ও মেয়ে।
আহত ব্যক্তিদের মধ্যে মো. আলতাফ হোসেন (৫২) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক পোলে ধাক্কা দেয়। এতে রোজী আক্তার ও নাজমা খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চার যাত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইক্রোবাসের দুই যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। একই গাড়ির আরও চার যাত্রী আহত হয়েছেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।