চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষাবিদ মাওলানা মো. মিজানুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ভোর পৌনে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সীতাকুণ্ড পৌরসভার পেশকারপাড়া এলাকার মরহুম আপলাতুন ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা মিজানুর রহমান শিক্ষা অঙ্গনেও সুপরিচিত ছিলেন। তিনি উপজেলার পন্থিছিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, মাওলানা মিজানুর রহমান একজন দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সংগঠন একজন অভিজ্ঞ নেতৃত্বকে হারালো।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মাওলানা মিজানুর রহমানের মৃত্যুতে সীতাকুণ্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।