সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের নিয়েই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এগিয়ে যাবে কমিশন। ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হয়েছেন, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।
এর আগে গত ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেয় ইসি।
গত ৯ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। এরপর দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং সেগুলো নিষ্পত্তি শেষে সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে গড়ে প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ২ থেকে ৩ হাজার বেশি ভোটকেন্দ্র হতে পারে।
ইসি জানিয়েছে, প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।
দেশে স্থানীয় সরকারের পাঁচ স্তরের বিভিন্ন পদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এর মধ্যে রয়েছে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা, ৬১টি জেলা পরিষদ এবং সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের এই ধাপ শুরু হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এর আগে জানিয়েছিলেন, সেপ্টেম্বর-অক্টোবরে তফসিল দেওয়া সম্ভব হলে স্থানীয় সরকার নির্বাচনের কিছু অংশ চলতি বছরের শেষ দিকে এবং কিছু নির্বাচন আগামী বছরে অনুষ্ঠিত হতে পারে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
সোমবার সকালে নির্বাচন ভবনে সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি এবং ইউএনডিপি ও নির্বাচন কমিশনের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্টিভেন রড্রিগেস বলেন, নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে ইউএনডিপি, বিভিন্ন দাতা সংস্থা এবং জাতিসংঘের সংস্থাগুলো নির্বাচন আয়োজনে সহযোগিতা করে আসছে।
ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেস্কোর মতো সংস্থাগুলোও বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছে বলে জানান তিনি।
অংশীজনদের সহযোগিতা অব্যাহত থাকলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি।
আরএইচ