চট্টগ্রামে পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী নিয়ে শিক্ষামূলক অনুষ্ঠান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে স্কুল ও মাদরাসার প্রায় ৫০০ মেধাবী শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়; সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন ধারাবাহিকতা, শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও অধ্যবসায়। যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, সেটিই প্রকৃত স্বপ্ন।
তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানার্জন, আত্মবিশ্লেষণ ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, প্রকৃত জ্ঞান ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।
সফলতা শুধু ভালো চাকরি, পদ-পদবি কিংবা সামাজিক মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে মানুষের কল্যাণ এবং সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগানোই হওয়া উচিত শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের বিপুল মানবসম্পদ ও মেধাবী তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
শিক্ষাজীবনে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, সময়ের সঠিক ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আতিয়ার রহমানসহ অন্য অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি। সঞ্চালনা করেন সংগঠনটির মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।
স্কুল ও মাদরাসার বিভিন্ন শ্রেণিতে টপ টেন অর্জনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মেধা বিকাশ, নৈতিকতা, ব্যক্তিত্ব গঠন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। অর্জিত শিক্ষা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের শিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরএইচ/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।