ভোরের আলো ফুটতে না ফুটতেই চট্টগ্রামের উত্তর কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধের শান্ত প্রাঙ্গণ ভরে ওঠে মানুষের পদচারণায়। ফুল হাতে নয়, বরং হৃদয়ের গভীর শ্রদ্ধা নিয়ে মানুষ ছুটে আসেন শহিদদের প্রতি সম্মান জানাতে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ২৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম। দিনের শুরুতেই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ এবং রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও আবেগঘন করে তোলে।
দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে পুরো এলাকা সাজানো হয় বর্ণিল সাজে। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।