চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জ্বালানি তেলের সংকট ও সরবরাহজনিত ভোগান্তি কমাতে চালু হয়েছে আধুনিক ডিজিটাল সেবা ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’। এই উদ্ভাবনী প্ল্যাটফর্মের মাধ্যমে এখন সাধারণ মানুষ ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে সহজে জানতে পারবেন কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী।
উদ্যোগ সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ) স্বেচ্ছায় এই সিস্টেমটি ডেভেলপ করেছেন। এতে কারিগরি সহায়তা দিয়েছে ‘ফটিকছড়ি ডট কম’। সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্ম ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সংশ্লিষ্টরা জানান, সিস্টেমটিতে প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর উপজেলার বিভিন্ন পাম্পের জ্বালানি মজুত ও সরবরাহ সংক্রান্ত তথ্য আপডেট করা হয়। ফলে ব্যবহারকারীরা রিয়েল-টাইম তথ্য পেয়ে অপ্রয়োজনীয়ভাবে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘোরাঘুরি না করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারছেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “এটি একটি সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ। ডিজিটাল এই সেবার মাধ্যমে মানুষ সহজেই নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন, যা জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ স্থানীয় প্রশাসনের কাজকে আরও গতিশীল করবে এবং জনগণের সময় ও শ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জানা গেছে, ব্যবহারকারীরা স্মার্টফোন বা কম্পিউটার থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে সার্চ অপশনে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ লিখলেই এই সেবা ব্যবহার করতে পারবেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।