চট্টগ্রামের হাটহাজারিতে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে চার পরীক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন। পথে প্রাইভেট কারের সঙ্গে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালক নিহত হন। এ ঘটনায় চার পরীক্ষার্থীসহ আরও ৯ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালকের নাম মোহাম্মদ এরশাদ (৩৮)। তিনি মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত পরীক্ষার্থীরা হলেন মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. ফাহিম (১৮) ও মো. শামিম। আহত অন্যরা হলেন ইশা আকতার (২৬), মো. আলমগীর (৪৫), রোকেয়া আকতার (৭০), মো. হাসান (৩৫) ও মো. বেলাল (৪৮)। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ২টার দিকে ফটিকছড়িগামী প্রাইভেট কার আর হাটহাজারীমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাটি সড়কে উল্টে গেলে যাত্রী ও চালক চাপা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে হতাহতদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশাচালক এরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত নয়জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বলেন, অটোরিকশাচালক ঘটনাস্থলে মারা যান। অন্য আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত অটোরিকশাচালকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএফআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।