দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে ককটেলসহ ধরা পড়লেন যুবলীগ সভাপতি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ জুন ২০২৬
পঠিত :
হাটহাজারীতে ককটেলসহ ধরা পড়লেন যুবলীগ সভাপতি

ছবি

হাটহাজারীতে অভিযান চালিয়ে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদ (৪৯)কে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল ও ৬টি আতশবাজি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেট এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উদালিয়া মোহসেনা পাড়া গ্রামের মৃত মাওলানা বাদশা আলমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন হাটহাজারী মডেল থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি ছিলেন ফরিদ। ওই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।

 

পুলিশের দাবি, অভিযানের সময় ফরিদ ও তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ফরিদের সহযোগীরা পালিয়ে গেলেও তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

 

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপণ নাথ ও রায়হান জানান, পুলিশের ওপর হামলা এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় ফরিদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “আটক আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।