দক্ষিণ পূর্ব

১৬৪তম খোশরোজের আখেরি মোনাজাত সম্পন্ন

হিংসা-বিদ্বেষ ও যুদ্ধ মানবসভ্যতাকে বিপর্যস্ত করছে: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

saiful
saiful
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১০:১৯ দুপুর
পঠিত : ২১
হিংসা-বিদ্বেষ ও যুদ্ধ মানবসভ্যতাকে বিপর্যস্ত করছে: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
Degchibarictg




লাখো আশেক-ভক্তের ‘আমিন, আমিন’ ধ্বনি ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হযরত গাউসুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.)-এর ১৬৪তম খোশরোজ শরিফ। বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠন ও মঞ্জিলের উদ্যোগে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরিফ, রওজা মোবারকে গিলাফ প্রদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, ছেমা-কাওয়ালী, জীবনী আলোচনা, ওয়াজ-মিলাদ মাহফিল ও তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

খোশরোজ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নিজামী মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বাবাভাণ্ডারীর (ক.) প্রপৌত্র, মাইজভাণ্ডার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সভাপতির বক্তব্যে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, কঠোর রিয়াজত, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে বাবাভাণ্ডারী (ক.) আধ্যাত্মিকতার উচ্চমার্গে উপনীত হন। তাঁর জীবনাদর্শ মানুষকে আল্লাহর প্রেম, আত্মসংযম, বিনয় ও সৃষ্টির সেবায় উদ্বুদ্ধ করে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে হিংসা-প্রতিহিংসা, সাম্প্রদায়িক বিদ্বেষ, ক্ষমতার লোভ ও যুদ্ধবিগ্রহ মানবসভ্যতাকে বিপর্যস্ত করে তুলছে। এ পরিস্থিতিতে বাবাভাণ্ডারীর প্রেম, শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি।
শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আরও বলেন, ধর্মীয় সাধনার প্রকৃত সার্থকতা মানুষের কল্যাণে কাজ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়বিচার ও সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্যে নিহিত।

মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা এবং সংঘাতের পরিবর্তে সংলাপ ও শান্তিকে প্রাধান্য দিতে হবে।

তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা এবং বিশ্বমানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মেহেবুব এ মইনুদ্দিন-এ-মইনুদ্দীন ও শাহজাদা সৈয়দ মাশুক মইনুদ্দীন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ সুপ্রিম পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসীন চৌধুরী, মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মাওলানা বাকের আনসারী, মাওলানা নাজের হোসাইন, মাওলানা খাজাবাহা উদ্দীন ও হাফেজ মাওলানা কেরামত আলীসহ অন্যরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। এ সময় লাখো আশেক-ভক্তের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মাইজভাণ্ডার দরবার শরিফ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।