নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্টের পর আরেকটি ক্রান্তিকাল হিসেবে সামনে এসেছে। এ দিনই দেশের মুক্তিকামী মানুষের ভাগ্য নির্ধারিত হবে তবে এবার রক্ত নয়, ব্যালটের মাধ্যমেই সেই সিদ্ধান্ত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী ফুলতলা নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্ট যেভাবে অর্ধ সহস্রাধিক শহিদের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, ঠিক সেরকম একটি দিন হিসেবে ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে আসছে। সেই দিনের জন্য আমরা ১৭ বছর প্রস্তুতি নিয়েছি। এবার আর রক্ত দিতে হবে না শুধু একটি সিল দিতে হবে। সেই সিলের মাধ্যমেই শহিদদের অর্জন রক্ষা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এবং ৫ আগস্টের আগের সময়ে দেশে যে নির্যাতন, নিপীড়ন, গুম ও খুনের রাজত্ব কায়েম করা হয়েছিল তার একটি ‘ডেমো’ গত ১৬ মাসে জনগণ নতুনভাবে দেখেছে। শহর ও গ্রামের অলিগলি, বাজার থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজি ও সন্ত্রাসের নতুন রূপ হাজির হয়েছে। সেই পরিস্থিতি আবার দেখতে না চাইলে রাজপথে নয়, ব্যালটের মাধ্যমেই বিপ্লব ঘটাতে হবে বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই লক্ষ্যেই জুলাই গণঅভ্যুত্থানের শরিক ১১টি দল একত্রিত হয়ে জোট গঠন করেছে। এখন সময় ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার। কার মার্কা কী সেটা দেখার সময় নেই। দেশের মুক্তি কোন প্রার্থী ও কোন জোট এনে দিতে পারবে, জনগণ চোখ বন্ধ করে তাদের ভোট দেবে বলেন তিনি।
তিনি বলেন, এই একটি ভোটের মাধ্যমেই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতা ও মুক্তি নিহিত থাকবে। ভোটের মাধ্যমেই বাংলাদেশ সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে।
একটি রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারের কথা বলে আসলেও এখন সংস্কারের সময় এলে তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে এমন অভিযোগ করে এনসিপির মুখপাত্র বলেন, আমরা শুধু আমাদের প্রার্থীর জন্য ভোট চাইছি না। ১১ দলীয় ঐক্যজোট বিজয়ী হলে দায়িত্ব নিয়ে জনগণের সেবা দিতে পারবে।
তিনি আরও বলেন, গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট দেওয়া হয়, তাহলে এর সুফল বর্তমান প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম ভোগ করবে। তাই আমরা সেদিন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেব।
পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও নতুন করে ফ্যাসিবাদী স্বৈরাচার কায়েম করতে চাওয়া শক্তিগুলো গণভোটে ‘না’ জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের এই ঐক্য নস্যাৎ করে দেওয়া হবে বলেন আসিফ মাহমুদ।
এর আগে সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হয়।
কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৫ আগস্ট যেদিন জুলাই যুদ্ধ পূর্ণতা পেয়েছিল, সেদিন চানখারপুলে শহীদ ইশমাম গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। শহীদ ইশমামসহ প্রায় ১৪০০ শহিদ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।