দক্ষিণ পূর্ব

২১ ঘণ্টার আলোচনায় হয়নি সমঝোতা , পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬
পঠিত :
২১ ঘণ্টার আলোচনায়  হয়নি সমঝোতা , পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত ইরান মেনে না নেওয়ায় কোনো ধরনের শান্তি চুক্তি ছাড়াই শেষ হয়েছে দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় সমঝোতা না হওয়ায় উভয় পক্ষই নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

 

রোববার (১২ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির নেতৃত্বে থাকা প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

 

তিনি জানান, পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মানতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ফলে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়েছে এবং মার্কিন প্রতিনিধি দল দেশে ফেরার পরিকল্পনা করছে।

 

টানা ২১ ঘণ্টা ধরে চলা এই আলোচনার বিষয়ে জেডি ভ্যান্স বলেন, পুরো সময়জুড়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

 

আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি স্পষ্ট প্রতিশ্রুতি চেয়েছিল, যেখানে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং সে ধরনের সক্ষমতা অর্জনের পথেও এগোবে না।

 

তবে আলোচনা সম্পূর্ণভাবে ভেস্তে যায়নি বলে ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা অব্যাহত থাকবে এবং বিষয়টি এখন কারিগরি পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তেহরান জানিয়েছে, উচ্চপর্যায়ের বৈঠকের পর উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে। কারিগরি দল এখন বিভিন্ন প্রস্তাবের প্রভাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ নিয়ে কাজ করছে।

 

বার্তায় আরও বলা হয়, কিছু বিষয়ে এখনও মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান ।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।