আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।
মঙ্গলবার নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে লংমার্চ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস। প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশের মানুষ নানা সংকটে রয়েছে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিও রয়েছে।
তাদের ভাষ্য, এসব বিষয়ে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচি থেকে জনগণের এসব দাবি তুলে ধরা হবে।

বক্তারা আরও বলেন, কর্মসূচিটি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, জনগণের অধিকার, জনদুর্ভোগ নিরসন এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে আয়োজন করা হয়েছে। তারা কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ ঘিরে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে প্রস্তুতি, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
সভায় নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুমিনুল হকসহ নগর ও বিভিন্ন থানা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা, থানা আমির-সেক্রেটারি এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।