নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৮১ বছর বয়সে পদার্পণ করেছেন।জন্মদিন উপলক্ষে দলীয় প্রধানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আজ সারা দেশের দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।তবে এই দিন উপলক্ষে কোন কেক না কাটতে নেতাকর্মীদের প্রতি দলীয় নির্দেশনা রয়েছে।
১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। তবে তাঁর পৈত্রিক নিবাস ফেনী জেলায়। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৬০ সালের আগস্টে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। এ দম্পতির দুই সন্তান, তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০শে নভেম্বর ও ১৯৬৯ সালের ১২ই আগস্ট আরাফাত রহমান কোকোর।
১৯৮১ সালের ৩০শে মে স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে বিপথগামী সৈন্যদের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা জিয়া। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিন দফা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২রা জানুয়ারি তিনি বিএনপি’র প্রাথমিক সদস্য হন।
নব্বইয়ে তৎকালীন সরকারবিরোধী দীর্ঘ আপসহীন আন্দোলনের পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওয়ান-ইলেভেনের পর মঈন-ফখরুদ্দীন সরকারের আমলে তিনি কারাবন্দি হন। এরপরে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে কারাদণ্ড হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারো বন্দি করা হয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ৬ মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫শে মার্চ খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। সেই থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। গত বছরের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ই আগস্ট খালেদা জিয়ার সাজা বাতিল করে মুক্তি দেন প্রেসিডেন্ট। চলতি বছরের ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। টানা ৪ মাস চিকিৎসা শেষে মে মাসে ঢাকায় আসেন।
এদিকে জন্মদিনের এই দিনে বিএনপি প্রধান গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করবেন। বিএনপি নেতাকর্মীরা এক সময় ১৫ই আগস্ট ঘটা করে কেক কেটে তাদের নেত্রীর জন্মদিন পালন করতেন। কিন্তু ২০১৬ সাল থেকে তারা দলীয়ভাবে কোনো কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। আজও কেক কেটে জন্মদিন পালন না করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। সকাল ১১টায় ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করবে দলটি। এতে বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।