দক্ষিণ পূর্ব

৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল

RAFIQ HYDER
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৫
পঠিত :
৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল
বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ বাতিল, সেনাক্যাম্প পুনঃস্থাপনসহ ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বান্দরবান সদরের হোটেল গ্র্যান্ড ভ্যালির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ নানা বৈষম্যের শিকার ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। তাই আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর সোমবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহ্বান করছি। 

৮ দফা দাবি হলো:
ব্রিটিশ রচিত প্রহসনের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসনব্যবস্থা চালু করা, জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, দেশের অন্যান্য জেলার মতো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জমি ক্রয়-বিক্রয় এবং ভূমি ব্যবস্থাপনা চালু করা, বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে তিন পার্বত্য জেলায় পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান চালু করা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করা, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিসহ সব ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।

এসময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবানের সভাপতি মওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহ জালাল ও জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।