দক্ষিণ পূর্ব

কাস্টম হাউস বন্ধ রাখায় কমিশনার বরখাস্ত, দুদকের তদন্ত শুরু

মনির ফয়সাল
প্রকাশ : ২ জুলাই ২০২৫
পঠিত :
কাস্টম হাউস বন্ধ রাখায় কমিশনার বরখাস্ত, দুদকের তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখার অভিযোগে কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে আরও বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১ জুলাই) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ জুন ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআর-এর এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি সেই নির্দেশ অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের চলমান আন্দোলনের কারণে সম্প্রতি সারাদেশে কাস্টমস কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এনবিআর কাস্টমস ও ভ্যাট সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলে ১ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে পুনরায় কাজ শুরু হয়।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।