হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে ওসমান গনি (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার বিশ্ববিদ্যালয় এলাকার ১নং গেইটের পশ্চিম পাশে মো. রফিকের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলম ফকির বাড়ির মো. সোলায়মানের মেজো ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ধরে পরিবার থেকে আলাদা হয়ে একা বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, মরদেহটি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
ওসমান গনির পরিবার জানায়, প্রায় তিন বছর আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার সম্পর্ক খারাপ।
পরিবারের সদস্যরা জানান, অভিমান করে সে আলাদা থাকতেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
এদিকে, স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন প্রেমঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএম/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।