দক্ষিণপূর্ব ডেস্ক
আজ সেই ভয়াল ২৮ অক্টোবর। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি এক বিভীষিকাময় স্মৃতি হয়ে আছে। ২০০৬ সালের এই দিনে রাজধানীর পল্টনে যে নৃশংস সহিংসতা ঘটেছিল, তা শুধু রাজনীতির নয়, মানবতার ইতিহাসেও এক গভীর কলঙ্ক হয়ে আছে। প্রকাশ্য দিবালোকে মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা, মৃতদেহের উপর উল্লাসের দৃশ্য দেখে স্তব্ধ হয়েছিল পুরো দেশ, কেঁপেছিল আন্তর্জাতিক সম্প্রদায়ও।
২০০৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে দেশে রাজনৈতিক অচলাবস্থা চরমে পৌঁছায়। ২৭ অক্টোবর রাতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশে ভাষণ দেন, চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়। ঠিক পরদিন ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট একই এলাকায় পৃথক কর্মসূচি নেয়।
সকালে বায়তুল মোকাররমের উত্তর সড়কে জামায়াতের সমাবেশের প্রস্তুতি চলছিল। কিন্তু দুপুরের আগেই পল্টন-মুক্তাঙ্গন এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লগি-বৈঠা হাতে থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিজয়নগর ও তোপখানা দিক থেকে এগিয়ে আসে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই রাস্তাজুড়ে শুরু হয় বোমা, ইটপাটকেল ও অস্ত্রের ঝড়।
যেভাবে শুরু হয় লগি-বৈঠার তাণ্ডব:
২০০৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেডিও-টিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন। মূলত এ ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয় লগি-বৈঠার তাণ্ডব। বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত অফিসসহ নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেমন চালানো হয় পৈশাচিক হামলা, তেমনি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় অনেক অফিস, বাড়িঘর, পুরো দেশব্যাপী চলে তাণ্ডবতা। চারদলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপললক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর বিকাল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। সকাল থেকেই সভার মঞ্চ তৈরির কাজ চলছিল। হঠাৎ করেই সকাল ১১টার দিকে আওয়ামী লীগের লগি, বৈঠা ও অস্ত্রধারীরা জামায়াতের সমাবেশ স্থলে হামলা চালায়। দফায় দফায় হামলা চলে দুপুর ২টা পর্যন্ত। সভার শেষ দিকে মাওলানা নিজামীর বক্তব্য শুরু হলে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুনরায় হামলা চালায়। সেদিন পুরো পল্টন জুড়ে ছিল লগি, বৈঠা বাহিনীর তাণ্ডবতা। লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে তারা ছয়জনকে হত্যা করে এবং ওই তান্ডবে আহত হন সহস্রাধিক। এমনকি, মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার লাশের উপর ওঠে নৃত্য-উল্লাস করতে থাকে।
লাশ নিয়ে রাজনীতি:
সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত কর্মী হাবিবুর রহমানকে পৈশাচিক কায়দায় হত্যা করেই ক্ষান্ত হয়নি, গুম করার জন্য লাশটি টেনে হিঁচড়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চলতে থাকে আওয়ামী লীগ নেতা হাজী সেলিম বাহিনীর লাশ দখলের খেলা। তারা নকল বাবা মা সাজিয়ে নিয়ে যেতে চায় লাশটি। কিন্তু এ কারসাজি ধরা পড়ায় নকল বাবা মা সটকে পড়লে আওয়ামী লীগ হাবিবুর রহমানকে নিজেদের কর্মী দাবি করে তার লাশের ছবি ব্যবহার করে পোস্টারও ছেপেছিল।
সেদিন পুলিশের রহস্যজনক ভূমিকা:
ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ছিল নানান অভিযোগ। পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতের সমাবেশ স্থলে হামলা চালায়। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। অসহায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের শত অনুরোধেও পুলিশকে কোন ভূমিকা নিতে দেখা যায়নি।
বেগম খালেদা জিয়ার উদ্যোগ:
জামায়াতে ইসলামীর সমাবেশ শেষ হওয়ার পরও আক্রমণ চলতে থাকে আওয়ামী লীগের। একটা পর্যায়ে দলটির শত শত নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন। সন্ধ্যার পর আক্রমণের ভয়াবহতা বাড়ার আশংকায় শংকিত হয়ে ওঠেন তারা। এরপর জামায়াত নেতারা বাধ্য হয়েই তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় খালেদা জিয়া ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েই তৎকালীন বিডিআরকে ঘটনাস্থলে আসার কথা বলেন। বিডিআর ঘটনাস্থলে আসার পরই পরিস্থিতি শান্ত হয়।
অধিকতর তদন্তের নামে সময়ক্ষেপণ:
এ ঘটনার পরদিন জামায়াতে ইসলামীর পল্টন থানার তৎকালীন আমীর এ.টি.এম সিরাজুল হক বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগসহ ১৪ দলের ৪০ জন নেতার নামসহ সহস্রাধিক ব্যক্তিকে আসামী করা হয়। ২০০৭ সালের ১১ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পলাতক আসামী হিসেবে উল্লেখ করে ৪৬ জন আওয়ামী লীগ ও ১৪ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। চার্জশীট দাখিলের পর ২২ এপ্রিল ২০০৭ মামলার চার্জশীট গ্রহণ করেন মহানগর হাকিম মীর আলী রেজা। চার্জশীট গ্রহণ করেই আদালত পলাতক আসামী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। পরদিন ২৩ এপ্রিল তদন্ত আবেদনের প্রেক্ষিতে পরোয়ানা স্থগিত করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন মহানগর হাকিম মীর আলী রেজা। তারপর অধিকতর তদন্তের নামে পার হয় তিন বছর।
পুরো মামলাই প্রত্যাহার:
২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠনের পর তাদের দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাংখীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষিতে ২০০৯ সালের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু সাঈদ জনস্বার্থে পল্টন থানায় দায়ের করা হত্যা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে ঢাকা জেলা প্রশাসককে একটি পত্র দেয়। ১৭ আগস্ট আদালত মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে।
২৮ অক্টোবর উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা:
এদিকে, ২৮ অক্টোবর উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে রয়েছে মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল, সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আজ মঙ্গলবার এসব কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।