দক্ষিণ পূর্ব

চবিতে কৃষ্ণচূড়ার আগুন

sathi
প্রকাশ : ২৩ মে ২০২৫
পঠিত :
চবিতে কৃষ্ণচূড়ার আগুন
মোস্তফা কামাল 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শুধু একাডেমিক শ্রেষ্ঠতায় নয়, প্রকৃতির মনোমুগ্ধকর রূপে অনন্য। চবি ক্যাম্পাসের পথে এখন হাঁটলেই মনে হয়, যেন কোনো চিত্রকরের ক্যানভাসে ঢুকে পড়েছি।প্রতি বছর গ্রীষ্ম এলেই এই বিশ্ববিদ্যালয় যেন রূপ নেয় এক জীবন্ত ক্যানভাসে—যেখানে কৃষ্ণচূড়ার লাল, জারুলের নীল, জবার টকটকে লাল আর সোনালুর সোনালি ফুল এক অপূর্ব রঙিন চিত্র একে দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি মোড়, প্রতিটি ডিপার্টমেন্টের সামনে যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে। আগুন লাল কৃষ্ণচূড়ায় ভরে গেছে সমাজবিজ্ঞান অনুষদের পিছনের পথে, যেখানে দুপুরের রোদও হার মানে ফুলের দীপ্তিতে। 
সমাজবিজ্ঞান অনুষদের সামনের পথে  জারুলের গাছগুলো যেন প্রেমে পড়েছে রোদের সঙ্গে। পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে নীলচে ঝলক, বাতাসে দুলছে ফুলের থোকা। পথচলতি শিক্ষার্থীদের কেউ কেউ হাঁটছে মাথা নিচু করে-হয়তো ফুল পড়ছে চুলে, অথবা কারও হৃদয়ে।

অন্যদিকে, জারুল তার বেগুনি-নীল রঙে এক নিঃশব্দ সৌন্দর্যের প্রতীক। কলা ও মানববিদ্যা অনুষদের চারপাশে জারুলের ফুলগুলো যেন চুপিচুপি গল্প বলে। জারুল দেখে কবিতার লাইন আসে মনে, মনে হয়—এই গাছের নিচে বসেই কবি হয়তো লিখে ফেলতে পারেন একটি প্রেমপত্র।


আর সোনালু? তার মতো সোনালি ছায়া কি আর কোনো ফুল দিতে পারে?। হল থেকে কেন্দ্রীয় খেলার মাঠের  দিকে যেতে রাস্তারনপাশে ঝুলে থাকা সোনালি ফুলের থোকা দেখে মনে হয় যেন কোনো উৎসব চলছে। হালকা বাতাসে যখন ফুলগুলো দুলে ওঠে, তখন এই দৃশ্য দেখে যে কেউ থমকে যেতে বাধ্য।

আর ছোট ছোট জবা গাছ? তারা হয়তো আকারে ছোট, কিন্তু রঙের দীপ্তিতে মোটেই নয়। লাল রঙের টকটকে জবা যেন বলছে, “আমিও আছি এই সৌন্দর্যযাত্রায়”।

প্রকৃতি ও পড়ালেখার এই মেলবন্ধনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। এখানে বইয়ের ভারে ক্লান্ত হৃদয় প্রকৃতির সৌন্দর্যে খানিকটা প্রশান্তি পায়। এই ক্যাম্পাস কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এক জীবন্ত কবিতা—যার প্রতিটি পঙক্তি লেখা হয় কৃষ্ণচূড়ার আগুন, জারুলের নীল, সোনালুর ঝরনা আর জবার লালিমা দিয়ে।

এখন যারা চবিতে নেই, কিংবা প্রাক্তন ছাত্র-ছাত্রী—তারা হয়তো মনে মনে ফিরেও যেতে চাইবেন এই রঙিন দিনে, এই ফুলেল পথে। আর যারা এখনো এই ক্যাম্পাসে হাঁটছেন, তাদের জন্য তো প্রতিটি দিন এক নতুন চিত্রকর্ম।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।