পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) এসব মৃত্যুর ঘটনায় একজন বৃদ্ধ, এক শিশু এবং একজন অজ্ঞাত যুবক রয়েছেন।
সকাল ৭টার দিকে ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঈশ্বরখাইন গ্রামে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় কাজী জাফর আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত দানু মিয়ার ছেলে।
সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজী পাড়া এলাকায় হাবিবা আক্তার (৭) নামে এক শিশু আহত হন। জানা যায়, বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে হাবিবা আক্তার (৭) খালার বাড়িতে বেড়াতে এসে রিক্সা চাপায় গুরুতর আহত হয়। তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুলকলি ফ্যাক্টরির পাশে এক অজ্ঞাত যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন রোভার স্কাউট সদস্য রোবান রাহাত জুবায়ের ইব্রাহিম, তাজবির ও মোহাম্মদ শাহরিয়ার। হাসপাতালে আনলেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।