বান্দরবান প্রতিনিধি
টানা ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র ‘দেবতাখুম’ ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১৮ জুন) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি ও খালের পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে যে, বর্তমান পরিস্থিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরপদ নয়। তার কারণে পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটকদের ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদারকি কার্যক্রম জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।
দেবতাখুম পর্যটককেন্দ্রের অবস্থান রোয়াংছড়ি উপজেলায়। বান্দরবান সদর থেকে এর দূরত্ব ৩০-৩৫ কিলোমিটার। খোলা জিপ (চাঁদের গাড়ি) অথবা অটোরিকশায় রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি পর্যন্ত যেতে হয়। এরপর চল্লিশ থেকে এক ঘণ্টার মত হাঁটা পথ।নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছর ১১ ফেব্রুয়ারি দেবতাখুম পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়।
রোয়াংছড়ি আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সব পর্যটক, গাইড এবং স্থানীয় লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে মোট ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে, যার ফলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।