দক্ষিণ পূর্ব

শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ

মনির ফয়সাল
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫
পঠিত :
শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ

দক্ষিণপূর্ব ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজে হেরে বসেছে বাংলাদেশ। ওয়ানডেতে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচে হারলে হতে হবে হোয়াইটওয়াশ। তাই শেষটা খারাপ করতে চায় না বাংলাদেশ। শেষ ম্যাচে জয় নিয়েই দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে নামতে চায় টাইগাররা।
অন্যদিকে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে এমন দিন আগে কখনও আসেনি। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমবারের মতো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুযোগ পাচ্ছে তারা।

দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ের দেখা পায় আফগানিস্তান। ১৯০ রান তুলেই তারা বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র ১০৯ রানে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি একতরফা হয়ে যায়। আজমাতুল্লাহ ওমরজাই প্রথম চার উইকেটের মধ্যে তিনটি তুলে নেন, এরপর রশিদ খান তার জাদুকরী ঘূর্ণিতে পুরো ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

তবে আফগান ব্যাটিং এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি। দ্বিতীয় ম্যাচে ইব্রাহিম জাদরান একাই লড়েছিলেন—১৪০ বল খেলে মাত্র চারটি বাউন্ডারিতে ৪৫তম ওভার পর্যন্ত টিকে ছিলেন। ধীরগতির উইকেটে কিভাবে টিকে থাকতে হয়, সেই পাঠ তিনিই যেন বাকিদের শিখিয়ে দিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাটিং। প্রথম ম্যাচে ২২১ রান তুলেও আফগানিস্তানের কাছে হেরে যায় তারা ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১৯০ রানের লক্ষ্য ছুঁতে গিয়েই ভেঙে পড়ে পুরো টপ অর্ডার। আফগান স্পিনারদের বিপক্ষে এখনো কোনো কার্যকর কৌশল খুঁজে পাচ্ছে না টাইগাররা। দলের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেছেন, ‘আমাদের কখনও কখনও বোলার নয়, বলটার বিপরীতে খেলতে হবে।’

বোলিং ও ফিল্ডিংয়ে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো করেছে। পেসাররা ধারাবাহিকভাবে ভালো বল করছেন, স্পিনাররাও চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা পুরো দলের পারফরম্যান্সকে নষ্ট করে দিচ্ছে।

২-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। আজকের ম্যাচে বাংলাদেশ কি পারবে সান্ত্বনার জয় তুলে নিয়ে সিরিজে মান রক্ষা করতে? নাকি ইতিহাস গড়ে টাইগারদের প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করবে আফগানিস্তান—এখন নজর সেদিকেই।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।