দক্ষিণ পূর্ব

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র সীতাকুণ্ড,আহত ৮

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৯ জুন ২০২৬
পঠিত :
বিএনপির দুগ্রুপের  সংঘর্ষে রণক্ষেত্র সীতাকুণ্ড,আহত ৮

ছবি

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার পন্থিছিলা এলাকার হাজীপাড়া ও ফকিরপাড়া অংশে এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক ও রাকিবের নাম জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

স্থানীয় সূত্র জানায়, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের অনুসারীদের মধ্যে বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

 

এর জেরে বৃহস্পতিবার রাতে আলাউদ্দিনের সমর্থকেরা মিছিল নিয়ে ফকিরপাড়ার দিকে গেলে মাসুমের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এ সময় মাসুমের চাচার মালিকানাধীন একটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

 

চায়ের দোকানের মালিক হারুন অভিযোগ করেন, হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং নগদ অর্থসহ বিভিন্ন মালামালের ক্ষতি করেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

স্থানীয় যুবক মোহাম্মদ নাজিম বলেন, এলাকায় মাদকাসক্তি বাড়ছে। এ ধরনের সংঘর্ষের পেছনেও মাদকের প্রভাব থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। কিছু উচ্ছৃঙ্খল যুবকের কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষ থানায় এসেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।