দক্ষিণ পূর্ব

দলীয় সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: চবি ছাত্রদল নেতার মৃত্যু

Masud forhan
প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫
পঠিত :
দলীয় সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: চবি ছাত্রদল নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক 

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, গেল ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। এসময় গুরুতর আহত হন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দলীয় সভা শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন এমরান চৌধুরী। চারিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চান্দের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় চবি ছাত্রদল নেতা আরিফকে চট্টগ্রামের হাটহাজারীর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হসপাতালে স্থানান্তর করা হয়। এখানে তিনি তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।

চবি ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আরিফকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। সর্বশেষ তাকে আজকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেকে নেওয়ার পর পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অল্প বয়সে এই তুখর মেধাবী ছাত্রনেতার মৃত্যুতে শোকাহত শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, “আরিফের মৃত্যু কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। এটা আমাদের সাংগঠনিক শূন্যতা তৈরি করবে। আমরা হাসপাতালেই আছি। কথা বলার মত কোন পরিস্থিতিতে নেই।”

ছাত্রদল নেতা আরিফের মৃত্যুতে শোকের মাতম শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে। আরিফের মৃত্যুতে আবেগ আপ্লুত হয়ে পড়েন চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি বলেন, “আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাদের ছোট ভাই আরিফ মারা গেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। আমরা তাকে দেখার জন্য হাসপাতালের দিকে যাচ্ছি।”

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।