দক্ষিণ পূর্ব

"চাঁদা না পেয়ে পেঁপে বাগান ধ্বংস: পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পিসিসিপির বিক্ষোভ"

দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ আগস্ট ২০২৬
পঠিত :
"চাঁদা না পেয়ে পেঁপে বাগান ধ্বংস: পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পিসিসিপির বিক্ষোভ"

ছবি সংগৃহীত

রাঙামাটিতে এক কৃষকের ফলন্ত পেঁপে বাগান কেটে ধ্বংস করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, চাঁদার দাবিতে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

শনিবার (১ আগস্ট) সকালে রাঙামাটি শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে পিসিসিপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও অংশ নেন।

 

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার ব্রাহ্মণ টিলায় কৃষক খলিলুর রহমান দীর্ঘদিনের পরিশ্রমে একটি বাণিজ্যিক পেঁপে বাগান গড়ে তুলেছিলেন। তাদের দাবি, জেএসএসের কথিত অর্থসংগ্রাহক (কালেক্টর) শান্তি রঞ্জন চাকমা কৃষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই দাবি প্রত্যাখ্যান করায় গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ৪০০টি ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলে।

 

বক্তাদের ভাষ্য, এতে কয়েক বছরের শ্রম ও বিনিয়োগ মুহূর্তেই ধ্বংস হয়ে যায় এবং কৃষক চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন।

 

মানববন্ধনে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে নিজের ক্ষতির বর্ণনা দেন কৃষক খলিলুর রহমান। তিনি বলেন, পাঁচ বছরের জন্য লিজ নেওয়া জমিতে প্রায় ১ হাজার ৮০০টি পেঁপে গাছ রোপণ করেছিলেন। এর মধ্যে প্রায় ১ হাজার ৪০০টি গাছ কেটে ফেলা হয়েছে। তার অভিযোগ, চাঁদা না দেওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি প্রাণনাশের হুমকিও পাচ্ছেন বলে দাবি করেন। ঘটনার বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।