নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস বিক্রয়ে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতসহ নানা অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কর্নেল জোন্স রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় 'ভাই ভাই ইত্যাদি শপ' নামে একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির প্রমাণ পাওয়ায় 'মুম্বাই সুইটস'কে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে 'মাতৃ ফার্মেসি'কে ৮ হাজার টাকা এবং এলপিজি গ্যাস বিক্রয়ে অনিয়মের অভিযোগে 'এমপি ট্রেডিং' নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সবচেয়ে বড় অংকের জরিমানা করা হয় 'ক্যাফে আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'কে। খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল (হাইড্রোজ) ব্যবহার এবং অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন। অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ভোক্তাস্বার্থ রক্ষায় এই ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।