নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের সিআরবির মালিপাড়া বস্তিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়েছে অন্তত ৩০টি ঘরবাড়ি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগে চট্টগ্রামের সিআরবি এলাকার এই বস্তিতে। ভোরবেলা হওয়ায় মানুষ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এক ঘর থেকে আরেক ঘরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে অন্তত ৩০টি ঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যায়নি।
ছোট একটা ঘরে রিকশাচালক শামসুল হক থাকতেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে। তিনি জানান, আগুন লাগার সময় চিৎকার শুনে উঠে দেখি ঘরের ভেতরে ধোঁয়া। দুই মেয়েকে নিয়ে কোনোভাবে বের হতে পেরেছি। সব পুড়ে গেছে। কাপড়, বই, টাকা—কিছুই বাঁচাতে পারিনি।
বস্তির অনেক বাসিন্দা এখন খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আত্মীয়ের বাড়িতে উঠেছেন। এখনও কোনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন অনেকে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।