নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ । এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। গতবছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের ১০ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর বোর্ডের ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। পাসের হার ও জিপিএ-৫ এর হার কমেছে । এ বছর চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন।
চট্টগ্রাম নগরে পাসের হার ৭০.৯০ শতাংশ। জেলায় পাসের হার ৪৩.৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১.২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫.৫৩ শতাংশ ও বান্দরবানে ৩৬.৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫.৩৯ শতাংশ।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ প্রমুখ।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-এ SMS করে ফল পাওয়া যাবে।
পুনঃনিরীক্ষণের জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd-এর মাধ্যমে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে ফের সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ জন।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।