দক্ষিণ পূর্ব

ছয় বছর পর অবশেষে সংস্কার, আরও নান্দনিক রুপ পেল চবির ঝুলন্ত সেতু

Masud forhan
প্রকাশ : ৬ মে ২০২৫
পঠিত :
ছয় বছর পর অবশেষে সংস্কার, আরও নান্দনিক রুপ পেল চবির ঝুলন্ত সেতু
চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্ট থেকে কাঁটা পাহাড়ের পথ পেরিয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে গেলেই চোখে পড়বে এক টুকরো রাঙামাটি তথা একটি নান্দনিক ঝুলন্ত সেতুর। দৈর্ঘ্য-প্রস্থে রাঙামাটির ঝুলন্ত সেতুর মতো বড় না হলেও এটিকে ‘মিনি ঝুলন্ত সেতু’ বলা যেতেই পারে। অনেকবার আশ্বাস দিয়েও গত ছয়বছর এ সেতুর সংস্কার করতে পারেনি বিগত প্রশাসন।

অবশেষে হারিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুলন্ত ব্রিজ সংস্কার করে আবারও চালু হচ্ছে শীঘ্রই। ইতিমধ্যে সংস্কার কাজ প্রায় শেষের দিকে। চবির ৫ম সমাবর্তনে আবারো খুলে দেওয়া হবে চবির বহু স্মৃতিবিজড়িত ঝুলন্ত সেতু। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের অন্যতম একটি স্থাপনা এ ঝুলন্ত সেতু। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদ সংলগ্ন খালের ওপর সেতুটি নির্মিত। ব্যতিক্রমী এ স্থাপনা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহের শেষ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বহিরাগত দর্শনার্থীদেরও আগ্রহ রয়েছে এ সেতু নিয়ে। কিন্তু সেতুর অনেকগুলো কাঠ নষ্ট হয়ে যাওয়ায় সংস্কার অজুহাতে ছয় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সেতুটিতে চলাচল। সংস্কারের নামে দীর্ঘ দিন বন্ধ থাকায় সেতুটি তার নিজের সৌন্দর্য হারিয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সংস্কার করতে পারেনি। 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নান্দনিকতা বাড়াতে রাঙামাটির ঝুলন্ত সেতুর আদলে ২০০৯ সালে নির্মাণ করা হয় বিশেষ এই সেতু। কিন্তু ২০১৮ সালের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে সংস্কারের নামে সেতুটি বন্ধ করে দেয়া হয়। এরপর প্রশাসন অনেকবার আশ্বাস দিলেও আর সংস্কার হয়নি সেতুটির।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দর্শনীয় স্থাপনাগুলোর মধ্যে ঝুলন্ত সেতু ছিল অন্যতম আকর্ষণ। এই সেতু বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি করেছে। সেতুতে সব সময় শিক্ষার্থী আর দর্শনার্থীদের ভিড় থাকতো। হিড়িক পড়তো ছবি তোলার।অবশেষে সেটির সংস্কার কাজ প্রায় শেষ। চবির ৫ম সমাবর্তনে  এটি সবার জন্য উন্মুক্ত হবে, এটা সত্যি ভালো লাগার বিষয়।

জানা গেছে, চবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার দায়িত্ব গ্রহণের পর এটি নিয়ে কাজ শুরু করেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে এই কাজের জন্য ২০ লক্ষ টাকার অনুমোদন পেয়েছে। কাজটি বাস্তবায়নের জন্য চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন মজুমদারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেছেন চবির উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় আরও ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার। এ ব্যাপারে উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, এ সেতু বিশ্ববিদ্যালয়ের নান্দনিক একটি স্থাপনা। এটি দীর্ঘদিন সংস্কারবিহীন ছিল। এখন এটি আগের চেয়ে অনেক শক্তিশালী করে নির্মাণ করা হচ্ছে। আগে ছিল কাঠের তৈরি এখন এটি স্টিল দিয়ে স্থাপন করা হচ্ছে। সেতুর দুই পাশে পিলারগুলো শক্ত করে নির্মাণ করা হচ্ছে। এছাড়া এ জায়গায় উভয়পাশে সুন্দর করে লাইটিং করা হবে।

উপ–উপাচার্য বলেন, আমাদের পরিকল্পনা আছে পুরাতন যে কলা ভবন রয়েছে সেটির সাথে এ সেতুর হাঁটার জায়গা সংযুক্ত করে দেওয়া হবে। এ সেতুর ওপরে যে খাল রয়েছে সেটি পরিষ্কার করা হবে এবং সুয়্যারেজের সাথে খালের সংযুক্তি কেটে দেওয়া হবে। ক্যাম্পাসের পানি ও বর্জ্য সুয়্যারেজে যাবে বিকল্প জায়গা দিয়ে। এসবের জন্য ইতোমধ্যে প্রকৌশল দপ্তরকে বলা হয়েছে, তারা এ নিয়ে কাজ করছে। এ খালকে নান্দনিক লেক হিসেবে গড়ে তোলা হবে। আশপাশের সব ঝোপঝাড় পরিষ্কার করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বাইরের দর্শনার্থীরা দারুণ সৌন্দর্য্য উপভোগ করতে পারবে।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার বলেন, ভর্তি পরীক্ষার মতো জনাকীর্ণ পরিস্থিতিতে এখানে অনেক লোকের সমাগম ঘটতে পারে। তখন একসাথে ৫০–১০০ জন মানুষও এটা দিয়ে যাতায়াত করতে পারবে। এরকম অনেক বিষয় চিন্তা করে এ সেতু খুবই মুজবুত করে সংস্কার করা হচ্ছে। সেতুর একপাশে নান্দনিক একটি ফুলের বাগান করার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এটির কাজ শেষ হবে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।