দক্ষিণ পূর্ব

শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল মায়ের লাশ, বিছানায় ‍মৃত মেয়ে

মনির ফয়সাল
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫
পঠিত :
শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল মায়ের লাশ, বিছানায় ‍মৃত মেয়ে
ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলায় নিজ বাসা থেকে এক গৃহবধূ ও তার ১৫ মাস বয়সী মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ পাওয়া গেছে। পাশেই মৃত অবস্থায় পড়ে ছিল শিশুটি। সন্তানকে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাজারে কামাল ভবনের এক বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত আফরোজা আক্তার অ্যানি (২৫) কামাল ভবনের মালিক কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বিপুলের স্ত্রী। আকিয়া আয়েশা তাদের একমাত্র সন্তান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের লাশ উদ্ধার করে।

আফরিনের শ্বশুর মো. কামাল উদ্দিন বলেন, ‘পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি এমন পথ বেছে নিতে পারেন। পরিবারে কারো সাথে কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব নেই।’

তবে নিহত আফরিনের স্বজন আবুল বশর বলেন, ‘স্বামীর সাথে অভিমানে এমন মর্মান্তিক ঘটনা অসম্ভব। মায়ের হাতে সন্তান খুন হয় না। মানসিক ভারসাম্যহীনতার কথাও সত্য নয়, কারণ সে বিষয়ে কোনো রোগনিরূপণ কাগজপত্র নেই। আমরা প্ররোচনার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছি না।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, অ্যানির শ্বশুরপক্ষের লোকজন তার মানসিক সমস্যা ছিল বলে দাবি করেছেন। তবে পুলিশ কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কীভাবে ঘটেছে সেটা খতিয়ে দেখছে। উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মায়ের হাতে সন্তানের এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা স্তব্ধ। অনেকেই এই ঘটনা বর্তমান সময়ে হৃদয়বিদারক ও সন্তানের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেছেন।

আজগর/এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।