হাটহাজারী প্রতিনিধি
হালদা নদী রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শুধু প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে একা হালদাকে রক্ষা করা সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার”-এ এসব মতামত উঠে আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
বক্তারা বলেন, পাহাড়ি ঢলে যেমন মা মাছ ডিম ছাড়ে, তেমনি উজান থেকে বালু নামায় নদীটির নাব্যতা কমে যাচ্ছে। এজন্য ম্যানুয়ালি বালু অপসারণ জরুরি হয়ে পড়েছে। এছাড়া ডলফিন বা মা মাছের মৃত্যুর কারণ নির্ণয়ে হালদার নিজস্ব ল্যাব স্থাপনের আহ্বান জানানো হয়। নদীকে দূষণমুক্ত রাখতে সংলগ্ন সব কারখানাকে ইটিপির আওতায় আনা, শাখা খালগুলোর খনন, প্রতিবন্ধকতা অপসারণ এবং স্লুইসগেট যথাসময়ে খোলা-বন্ধ রাখার উপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্শি, ভাসা জাল, ঘেরা জাল ও বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে টেনারি বর্জ্য, পোল্ট্রি ফার্মসহ যে কোনো বর্জ্য থেকে হালদাকে রক্ষা করাও সময়ের দাবি।
সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ফরহাদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম, মেখলের রাশেদুল আলম, থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিম সংগ্রহকারী কামাল সওদাগর, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মো. শফিউল আলম, শহিদুল হক, আশু বড়ুয়া প্রমুখ।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।