হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিএস খান বাড়িতে জোরপূর্বক রাস্তা জায়গা দখল করে দালান নির্মাণের চেষ্টা এবং ওই বাড়ির নারী সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওসমান গনি বাপ্পি ও তার ভাই লোকমানের নেতৃত্বে প্রায় দেড়শ বহিরাগত সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক বাড়ির ভেতর দিয়ে রাস্তার জায়গায় দখল করে দালান নির্মাণের চেষ্টা করে একটি দল। ওই সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় নারী সদস্যরা বাধা দিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দুই রাউন্ড গুলি ছোড়া হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাতের ঘোষণা দেয়। এ সময় হামলাকারীরা রোকেয়া বেগমের ঘরে ঢুকে মারধর চালিয়ে চারজন নারীকে আহত করে এবং পাশের ঘর থেকে কয়েক লাখ টাকা নগদ অর্থ ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী রোকেয়া বেগম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কায়সার মো. জানান, ঘটনার একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।