হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে মাত্র বিশ মিনিটের আগুনে একটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট ইছহাক কোম্পানির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামিয়াহাট মালেক মেম্বার দোকানের পাশে ইসহাক কোম্পানির বাড়ির মনছুরের টিনঘরে আগুন লাগে। ওই সময় ঘরটি তালাবদ্ধ ছিল। ঘরের রান্নাঘর দিক থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী লোকজন ও ফতেপুর মাদ্রাসার শিক্ষার্থীরা পুকুরের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মাত্র বিশ মিনিটে ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় বিশ মিনিট চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মনছুর বলেন, ঘরটা তালা দিয়ে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। খবর পেয়ে এসে দেখি কিছুই বাকি নেই। আগুনে আমার সবকিছু শেষ। অগ্নিকাণ্ডে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নাঈম বলেন, ঘরটি তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মন্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
মহিউদ্দিন/এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।