নিজস্ব প্রতিবেদক
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) রাত ১২টা থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। এই অভিযান চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় সারা দেশের নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নিষেধাজ্ঞা কার্যকরে মাঠে থাকবে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টিম।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিবছর আশ্বিন মাসের পূর্ণিমাকে কেন্দ্র করে ইলিশ মাছ ডিম ছাড়ে। এই সময়ে সমুদ্র ও নদীর মোহনায় বিপুল সংখ্যক মা ইলিশ ধরা পড়ে, যার ফলে পরবর্তী প্রজন্মের ইলিশ হুমকির মুখে পড়ে। তাই মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রতিবছর এই সময়টিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এর সুফলও মিলছে। গত কয়েক বছরে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এই ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে উপার্জন থেকে বঞ্চিত জেলেদের সহায়তায় সরকার খাদ্য সহায়তা প্রদান করবে। ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় নিবন্ধিত প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।