ফটিকছড়ি প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা ও ভূজপুর থানা শাখার যৌথ উদ্যোগে একদিনব্যাপী লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ফটিকছড়ি পৌরসভার কেএমটেক জে.ইউ পার্ক কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমো এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার সূচনা করেন ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আবদুল জব্বার। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সফল ফসল আজকের নতুন বাংলাদেশ। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন—তাদের পরিবারের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জামায়াতের নেতৃবৃন্দকে নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সামাজিক দায়িত্ববোধ, নৈতিক উন্নয়ন এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ফটিকছড়ি আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, ইসলামি আন্দোলনের অগ্রযাত্রা তরান্বিত করতে নেতৃত্বশীলদের চিন্তাশীল, জবাবদিহিমূলক এবং আত্মত্যাগী হতে হবে। একইসাথে সমাজ সংস্কারের জন্য কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন ইমো বলেন, একজন আদর্শ নেতা শুধু সংগঠনের জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামি আন্দোলনের কর্মীদের মানুষের আস্থা অর্জন করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাঈল গণি এবং চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া বিভাগের সহ-সেক্রেটারি এজহারুল ইসলাম প্রমুখ।
ফটিকছড়ি উপজেলা, ভূজপুর থানা, ইউনিয়ন ও পৌরসভার প্রায় সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।