দক্ষিণপূর্ব ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রীদের একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসানের প্রবেশকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। ছাত্রীরা এর প্রতিবাদ জানিয়ে তাকে বের করে দেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ফজিলাতুন্নেসা হলে এ ঘটনা ঘটে। এতে কেন্দ্রটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
দুপুর পৌনে ১টা পর্যন্ত শেষ খবর পাওয়া যায়, সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
এদিকে নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হলের ৪২৪ কক্ষ থেকে হল প্রভোস্ট তাকে আটক করা হয়। ওই কক্ষে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ অবস্থান করতেন, তারও ছাত্রত্ব নেই।
আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে।
নির্বাচনে ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।
এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।