নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (২ মার্চ) সকাল নয়টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।
স্থানীয় বাসিন্দা ইমাম হোসাইন ইমু বলেন, তিনি সকালে কাজে যাওয়ার সময় মহাসড়কের পূর্বপাশে একজন মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন। ওইসময় তার মাথা ছিন্নভিন্ন অবস্থায় দেখা গেছে৷ ধারণা করা হচ্ছে, দ্রুতগামী যানবাহন তাকে ধাক্কা দিয়েছে৷ তবে কেউ তার পরিচয় শনাক্ত করা যায়নি৷ বেশভূষায় তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে৷ থানায় খবর দিলে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়৷
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়ে নামপরিচয়হীন নারী পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে৷ অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলপ ধারণা করা হচ্ছে। মহিলাটি মানসিক ভারসাম্যহীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর বলেন, পুলিশ একজন মানসিক ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলো৷ নারীটির মাথায় একেবারে থেতলে গেছে৷ সম্ভবত ঘটনাস্থলেই উনার মৃত্যু হয়েছে৷
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।