দক্ষিণ পূর্ব

মোহরায় ডেলটা হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Masud forhan
প্রকাশ : ৮ জানুয়ারী ২০২৬
পঠিত :
মোহরায় ডেলটা হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ডেলটা হেলথ কেয়ার, চিটাগাং লিমিটেড-এর উদ্যোগে একটি বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক দায়বদ্ধতা ও সমাজসেবার অংশ হিসেবে আয়োজিত এই ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য আলহাজ্ব মোরশেদুল আলম কাদেরী। তিনি তাঁর বক্তব্যে জনকল্যাণমূলক কাজে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব এরশাদ উল্লাহ। তিনি বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। সমাজের প্রতিটি স্তরে এমন মানবিক কার্যক্রম ছড়িয়ে দেওয়া প্রয়োজন।”

মেডিকেল ক্যাম্পে ডেলটা হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. মোঃ আবুল কালাম-এর নেতৃত্বে একদল অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর (ফাইন্যান্স) ডা. মুর্তজা রেজা হাসান এবং ডিরেক্টর ডা. এ. কিউ. এম. ওহিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ক্যাম্পে আগত রোগীদের মেডিসিন, শিশু রোগ, গাইনীসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীরা এই ক্যাম্প থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ বৈশিষ্ট্য ছিল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক আতিথেয়তা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস রোকসানা আক্তার, সিনিয়র শিক্ষক জনাব মজিবুর রহমান, মিসেস নারগিস আক্তারসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন। শিক্ষকদের নিজ হাতে তৈরি পিঠা-পুলির মাধ্যমে আগত অতিথি ও চিকিৎসকদের আপ্যায়ন অনুষ্ঠানটিতে উৎসবের আমেজ যোগ করে।

সেবাগ্রহীতারা এই মহতী উদ্যোগের জন্য ডেলটা হেলথ কেয়ার কর্তৃপক্ষ ও বিদ্যালয় প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।