দক্ষিণ পূর্ব

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, গ্রেপ্তার আট

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৬:৫০ সকাল
পঠিত : ৫৩
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, গ্রেপ্তার আট

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বক্সের ভেতরে থাকা একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাচ ও আসবাবপত্র। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও  সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দায়িত্ব পালন শেষে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সটি ছেড়ে চলে যান। বৃহস্পতিবার ফজরের সময় সেখানে এসে তারা আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা এবং ভেতরে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল। একটি চেয়ার আগুনে পুড়ে যায়। ঘটনার পর থেকে বক্সটিতে বসে দায়িত্ব পালন করতে পারছেন না ট্রাফিক পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ বক্সটি আয়তনে ছোট। দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা মূলত বিশ্রামের জন্য এটি ব্যবহার করেন। দুর্বৃত্তরা পাথরের মতো একটি বস্তু ছুড়ে বক্সটির কাচ ভাঙে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির কাছের সড়কে আগুন দিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।