দক্ষিণ পূর্ব

ইউপি নির্বাচনের কাউন্টডাউন শুরু,প্রথম ধাপেই ভোট ১ হাজার ২৬ ইউনিয়নে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ ০৮:২২ সকাল
পঠিত : ৫২
ইউপি নির্বাচনের কাউন্টডাউন শুরু,প্রথম ধাপেই ভোট ১ হাজার ২৬ ইউনিয়নে

ছবি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে কোন ধাপে কতটি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে, সেই তালিকাও চূড়ান্ত করেছে কমিশন। প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে তুলনামূলক কমসংখ্যক ইউনিয়ন রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হবে না, সেগুলো পরবর্তী সময়ে সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইউনিয়নভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচনের তারিখ জানা যাবে।

প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটের অন্তত ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ২১ জানুয়ারিকে কেন্দ্র করে কমবেশি ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করবেন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে দলগুলোকে নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে।

আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।