কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় সতর্কতার সঙ্গে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬-এ এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির মডেল ড্যাশ-৮ কিউ ৪০০, নিবন্ধন নম্বর এস২-একেই।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
নিরাপদ অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাসের জন্য পাইলটকে কিছু সময় আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
এদিকে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্সসহ উদ্ধারকারী ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। একই সঙ্গে অন্য উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল। এ সময় উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত রাখা হয়।
শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে উড্ডয়নের পর উড়োজাহাজটির চাকা বিচ্ছিন্ন হওয়ার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
আর / দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।