একটি রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কিংবা বিদেশে—যেখানেই তারা অবস্থান করুক, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। এত মানুষ হত্যা ও নির্যাতনের পরও দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সাম্প্রতিক কয়েকটি ঘটনাতেও তা স্পষ্ট হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকার যখন কাজ করছে এবং সংসদে আলোচনার মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে, ঠিক তখনই পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সুযোগ পেলেও দলটির চরিত্র যে পরিবর্তন হয় না, তা আবারও প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছিল, তা আমরা দেখেছি। এনসিপির সভাপতি নাহিদ ইসলামকেও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাঁদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, সেটিও দেশবাসী দেখেছে। এমনকি ইতালিতে একজন নারীশিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনাও সবার জানা।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসী দলটির পলাতক নেত্রী তাঁর অনুসারীদের গণতান্ত্রিক জনগণের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মানুষ হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়; তাদের প্রকৃত পরিচয় একটি সন্ত্রাসী গোষ্ঠী।’
এ ধরনের অপশক্তিকে প্রতিহত করতে ২০২৪ সালের মতো সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।